শিক্ষক দিবসে চাওয়া
পারভীন আক্তার
শিক্ষক দিবসে আজ বড় কোনো উপহার চাই না,
চাই শুধু হারানো মর্যাদাটুকু—যা আজও পুরোপুরি পাই না।
যে হাতে গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ, সে হাত হোক সম্মানিত,
শিক্ষকের ন্যায্য অধিকার হোক রাষ্ট্রের কাছে স্বীকৃত।
চাই না করুণার দান, চাই না অনুগ্রহের ভার,
চাই শ্রমের যথার্থ মূল্য, চাই সম্মানের অধিকার।
স্নেহে যেমন সন্তান গড়ি, প্রয়োজনে করি শাসন,
শিক্ষকের সেই পবিত্র ভূমিকায় ফিরুক সামাজিক আসন।
শিক্ষক যেন মাথা তুলে বলতে পারে—‘আমি গর্বিত’,
পেশার মর্যাদা ও অধিকার দুটিই হোক সুরক্ষিত।
বৈষম্যের দীর্ঘ দেয়াল ভেঙে উঠুক সমতার গান,
একই শ্রমে কেন থাকবে ভিন্নতার অভিমান?
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হোক সুদূরপ্রসারী প্রত্যয়,
শিক্ষকের জীবনেও ফুটুক নিশ্চয়তার নির্মল অভয়।
শিক্ষার আলো ছড়িয়ে যারা গড়ে দেশের ভিত্তি,
তাদের জীবনেও রাষ্ট্র লিখুক সম্মানের চিরস্থায়ী স্মৃতি।
শিক্ষক দিবসে তাই এইটুকুই আমাদের প্রার্থনা,
শিক্ষককে মানুষ হিসেবে দিও প্রাপ্য মর্যাদা।
যে জাতি শিক্ষকের সম্মান রাখে হৃদয়ের গভীর দ্বারে,
সেই জাতির ভবিষ্যৎই দীপ্ত হয়ে ওঠে জ্ঞানের আলোয় সবার ওপারে।
সহকারী শিক্ষক (বাংলা)
শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়
ফুলতলা,খুলনা।