শিক্ষক
সালেহা ইসলাম
অন্ধকারের অলিগলি পেরিয়ে
যে হাত ধরায় আলোর ঠিকানা,
অক্ষরের বুক চিরে যিনি
শোনান জ্ঞানের অনন্ত বীণা।
জ্ঞান তো প্রভুর অশেষ দান,
তাঁরই আলোয় জ্বলে জ্ঞানের দীপ,
মানব-শিক্ষক সেই আলোর বাহক,
তাঁদের স্পর্শে স্বপ্ন হয় সুদৃঢ়।
নিজে জ্বলে প্রদীপের মতো,
আঁধার করেন আপন করে ক্ষয়,
শিষ্যের চোখে স্বপ্ন এঁকে
জাগিয়ে তোলেন সম্ভাবনার জয়।
ভুলের ভেতর পথের সন্ধান,
হোঁচট খেলে দেন সাহস,
জীবন নামের দুরূহ পাঠে
তিনিই হয়ে ওঠেন আশ্বাস।
কালো বোর্ডে সাদা অক্ষরে
শুধু কি লেখা হয় পাঠ?
তাঁর নীরব ত্যাগের ভেতর
জেগে থাকে ভবিষ্যতের প্রভাত।
কত মুখ আজ দূর আকাশে
নিজ নিজ নক্ষত্র হয়ে রয়-
তাদের দীপ্তির অন্তরালে
কোনো এক শিক্ষকের স্বপ্ন বয়।
তাই শ্রদ্ধার সালাম রাখি
সেই মহান আলোর চরণে-
যাঁরা মানুষ গড়ার কারিগর,
চিরকাল থাকুন হৃদয়-নয়নে।
লক্ষ্মীপুর।